ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় চেয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। শুক্রবার (২৪ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। খবর নিউজ১৮-এর।
বৈঠক শেষে সাংবাদিকদের সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকারের কাছে তাদের সব দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
তিনি বলেন, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সন্তান হারানো পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো মামলা না করার দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে মামলা হয়ে থাকলে সেগুলো প্রত্যাহারেরও দাবি জানিয়েছে দলটি।
সিজেপির দাবি, তাদের দাবিগুলোর মধ্যে দুটি বিষয়ে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। এগুলো হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া।
তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার আরও সময় চেয়েছে বলে জানান সৌরভ দাস। তিনি বলেন, শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে সরকার। এর মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত না হলে আন্দোলন আরও বড় আকারে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তবে বৈঠকের পর সিজেপির পক্ষ থেকে জানানো দাবিগুলোর বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।
শুক্রবার দিল্লির ভিঠাল প্যাটেল হাউসে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকারের বৈঠক হয়।
প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের পরই আলোচনায় বসতে সম্মত হয়েছিল সিজেপি। তবে দলটি স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোনো আপস করা হবে না।
বৈঠকের পর জে পি নাড্ডা জানান, প্রায় দুই ঘণ্টার আলোচনায় সিজেপির দাবি ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শনিবার (২৫ জুলাই)ও এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর