বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হওয়া একটি মেডিকেল পরিবহন বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে মার্কিন কোস্ট গার্ড। বিমানটিতে রোগীসহ মোট ছয়জন ছিলেন। তবে তাদের কারও সন্ধান এখনো পাওয়া যায়নি।
দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) সকালে ম্যাসাচুসেটসের নান্টাকেট দ্বীপের উপকূলের কাছে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান চালিয়ে ওই এলাকায় বিমানের ধ্বংসাবশেষের একটি অংশ পাওয়া যায়।
কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজ বিমানটি ছিল একটি এয়ার অ্যাম্বুলেন্স। এতে একজন রোগী, তার পরিবারের একজন সদস্য এবং চারজন ক্রু ছিলেন। রোগী ও তার স্বজন বারমুডার নাগরিক। আর চার ক্রু ছিলেন কানাডার নাগরিক।
বিমানটি ছিল গালফস্ট্রিম জি১০০ মডেলের। বারমুডা থেকে উড্ডয়নের পর নান্টাকেটের কাছে পৌঁছালে বিমানটি বৈদ্যুতিক ত্রুটির কথা জানায়। এ সময় বিমানটির সঙ্গে যোগাযোগ করতেও সমস্যা হচ্ছিল।
রেডিও যোগাযোগের রেকর্ড অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ৪৬ মিনিটের দিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে জিজ্ঞেস করেন, তিনি জরুরি অবস্থা ঘোষণা করছেন কি না। তবে পাইলটের জবাব স্পষ্টভাবে শোনা যায়নি।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি মাত্র তিন মিনিটের মধ্যে কয়েক হাজার ফুট নিচে নেমে যায়। এরপর স্থানীয় সময় রাত ১টার কিছু পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
বিমানটি নিখোঁজ হওয়ার পর নৌযান, বিমান ও হেলিকপ্টার নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু করে কোস্ট গার্ড। প্রায় ২৭ ঘণ্টায় ৪ হাজার ২৫৮ বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়। পরে নান্টাকেটের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজ ছয়জনের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে। এদিকে বারমুডা সরকার জানিয়েছে, তারা নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট নিখোঁজদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের নিরাপদে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর