রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর অস্ত্রধারী এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩-এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার মৃত শাহজাহানের ছেলে।
আহতরা হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। নালাম সরদারের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হুগলাবনিয়া গ্রামে। তিনি রাজধানীতে ফুটপাতে কাঁচামাল বিক্রি করেন। তার মাথার ডান পাশে গুলি লেগেছে। অপর আহত মনির হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা এবং ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন। তার বাম পায়ে গুলি লেগেছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইউসুফ আলীর বুকে গুলি লাগে এবং আরও দুজন আহত হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা অস্ত্রধারী এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা-পুলিশ যৌথভাবে তদন্ত করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর