৪৭ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হলেন চীনা অভিনেত্রী তাং ওয়েই। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রতিনিধি। দক্ষিণ কোরীয় নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত জীবনে এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার।
শুক্রবার (২৪ জুলাই) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেন তাং ওয়েই। ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। এর সঙ্গে নবজাতককে উৎসর্গ করে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’
দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দেওয়ার আগে কয়েক মাস ধরে তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ তাকে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন তিনি।
সেসময় তাং ওয়েই লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’ গত মাসে হংকংয়ে এই দম্পতিকে একসঙ্গে দেখা যাওয়ার পর আবারও অনলাইনে সন্তান জন্মের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমে রূপ নেয় এবং ২০১৪ সালে তারা বিয়ে করেন। দ্বিতীয় সন্তান জন্মের মধ্য দিয়ে দুই সন্তানকে নিয়ে এখন পূর্ণতা পেল এই তারকা দম্পতির পরিবার।
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর