• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

ফাইল ফটো

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়ছেন। এরপর সপরিবারে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন তিনি। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির। শনিবার (২৫ জুলাই) একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এরই মধ্যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এর আগে গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন তিনি।

মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে ২০২৮ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল। ওই বাসার পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও ইতোমধ্যে শেষ হয়েছে।

সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

গতকাল বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন—দলীয় কেউ নাকি বাইরের কোনো ব্যক্তি—তা দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, সংবিধান ও প্রচলিত আইন মেনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই দিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ফলে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলেও জানান আইনমন্ত্রী।

স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ শূন্য থাকার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন তিনি।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর হাফিজ উদ্দিন আহমদ সেখানে অফিস করবেন। রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন—দুটিই বঙ্গভবন কমপ্লেক্সে হলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।

বঙ্গভবন থেকেই রাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়। বিদেশি রাষ্ট্রদূতেরা সেখানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন, বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে রাষ্ট্রীয় অনুষ্ঠানও হয়।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আজ রোববার বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর দুপুর সাড়ে ১২টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

তথ্যসূত্র: সমকাল

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]