গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন।
এ সময় গণমাধ্যমকে ইশরাক হোসেন বলেন, তাঁর দল পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ কারণে তাঁকে পদ ছাড়তে হচ্ছে বলেও জানান তিনি।
ইশরাক বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন রাজধানীর গেন্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।
অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। রোববার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল। এ ঘটনা বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি করে এবং সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।
এর মধ্যেই ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে নানা আলোচনা শুরু হয়। সোমবার তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন। পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর