যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান কবে হবে, সেই সিদ্ধান্ত ইরানই নেবে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে দেশটির কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের প্রভাবে শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন "আটকে গেছে" এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ইরানের মতে, প্রায় পাঁচ মাস ধরে চলা এই সংঘাতের মূল্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই দিতে হবে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন হামলা থেকে বিরত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রতিশোধমূলক হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছে। এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে উভয় পক্ষের মধ্যে তীব্র বিমান হামলা ও সামরিক অভিযান চলেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবর নাকচ করে দিয়েছেন। তার দাবি, মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের মজুত প্রয়োজনের চেয়েও বেশি এবং তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
অন্যদিকে, কাস্পিয়ান সাগরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনকে সতর্কবার্তা দিয়েছে ইরান। তবে এ বিষয়ে তেহরান বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও জোরদার হয়েছে। নাবলুস, রামাল্লাহ, হেবরন ও পূর্ব জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার এবং বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েছে। পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশও বৃদ্ধি পেয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর