বিশ্বকাপ শেষ হলেও থামছে না আলোচনা। এবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে আদর্শ আর আর্জেন্টিনাকে ‘ভুল উদাহরণ’ আখ্যা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন জার্মান ফুটবলের কিংবদন্তি রুডি ফোলার। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জার্মানিকে আর্জেন্টিনার মতো খেলতে দিতে চান না তিনি। তার দাবি, ‘ওদের খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই।’ স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে স্পেন। অন্যদিকে প্রত্যাশার আগেই বিদায় নেয়া জার্মানিকে নিয়ে চলছে সমালোচনা। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ভবিষ্যতে কীভাবে আবারও বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে ফিরবে জার্মানি, সেটিই এখন দেশটির ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়।
ফোলার বলেন, ‘জার্মানি হিসেবে আমাদের আরও ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। অনেকেই আর্জেন্টিনাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছেন, কিন্তু আমি মনে করি সেটা ভুল। হঠাৎ করেই আর্জেন্টিনা সবার কাছে মানদণ্ড হয়ে গেছে। এটা আমার কাছে কিছুটা ভণ্ডামি মনে হয়েছে। আমি আর্জেন্টিনার মতো খেলতে চাই না। ওদের খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, তারা বিশ্বচ্যাম্পিয়ন ছিল, এবার রানার্সআপ হয়েছে। কিন্তু সত্যি বলতে, তাদের নিয়ে এত প্রশংসা আমি বুঝতে পারি না।’
আর্জেন্টিনার সমালোচনা করলেও স্পেনের প্রশংসায় ছিলেন উদার সাবেক এই জার্মান ফরোয়ার্ড। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কাছ থেকেই শেখা উচিত জার্মানির।
স্পেনকে নিয়ে ফোলারের ভাষ্য, ‘স্পেন যে প্রশংসা পেয়েছে, তার পুরোপুরিই প্রাপ্য। শুধু বল দখল বা আক্রমণ নয়, তারা যেভাবে রক্ষণ সামলায় সেটাও অসাধারণ। আমাদের অনুসরণ করার মতো দল স্পেন। ইংল্যান্ডের খেলাও আমার খুব ভালো লেগেছে।’
ফোলারের এমন মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তর বক্তব্য নিয়ে চলছে তুমুল আলোচনা।
অবশ্য আর্জেন্টিনাকে নিয়ে ফোলারের সমালোচনা এবারই প্রথম নয়। ২০২২ বিশ্বকাপ জয়ের পরও তিনি বলেছিলেন, ‘লিওনেল মেসি অসাধারণ ফুটবলার, তাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সবাই দেখতে চেয়েছিল। কিন্তু মেসিকে বাদ দিলে আর্জেন্টিনা যে আমাদের চেয়ে ভালো দল, সেটা কেউ আমাকে বোঝাতে পারবে না।’
আর্জেন্টিনার সঙ্গে ফোলারের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসও দীর্ঘদিনের। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হারা পশ্চিম জার্মানির হয়ে গোল করেছিলেন তিনি। চার বছর পর ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে সেই আক্ষেপ ঘোচানোর আনন্দও পেয়েছিলেন জার্মান কিংবদন্তি।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর