দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেছে সংস্থাটি।
বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরনের আবহাওয়া শুক্রবারও অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের পর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর