‘এ দেশ আমাদের। কেউ যেন বলতে না পারে, আমি এ করেছি, আমার বাবা এ করেছে। কোনো একক বাবার মাধ্যমে আমাদের স্বাধীনতা আসেনি’—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার—এমন ধারণায় ‘আমার’ নয়, ‘আমাদের’ কথাটি প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে আর ‘আমিত্ব’ চলবে না।
দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক কিছু দেখা হয়েছে, অনেক কিছু সহ্য করা হয়েছে। আর নয়, এবার জেগে ওঠার সময় এসেছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক অঞ্জন কুমার ছিছাম। এ ছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাজং সম্প্রদায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর