ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়েও বিস্তারিত প্রস্তুতি চলছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করে ১ লাখের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। একই সঙ্গে একটি জাতীয় টাস্কফোর্স গঠন এবং ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় এবং ঢাকা শহরে একটি Humanitarian Staging Area (HSA) স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর