• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫৬ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৪:২০ দুপুর

টেকনাফে দিনদুপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি, বিকাশের ৬০ লাখ টাকা লুট

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের টেকনাফে ব্যস্ত মহাসড়কে গাছ ফেলে যানবাহনের গতি থামিয়ে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি যাত্রীবাহী বাসে থাকা বিকাশ কোম্পানির তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভের (এসআর) কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ডাকাতদের ছোড়া গুলিতে এক পথচারীও আহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর সেতুর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত পাশের পাহাড় থেকে নেমে এসে মহাসড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। একই সঙ্গে সড়কে পেরেক ছিটিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে কয়েকটি যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। পরে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় টেকনাফ থেকে হ্নীলা-হোয়াইক্যংগামী 'পালকী' পরিবহনের একটি বাসে থাকা বিকাশ কোম্পানির তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রের দাবি, তাদের কাছে ব্যবসায়িক লেনদেনের প্রায় ৬০ লাখ টাকা ছিল, যা ডাকাতদল লুট করে নিয়ে যায়। তবে বিকাশের ওই অর্থ লুটের বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। ডাকাতির সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক পথচারী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় এবং শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা পাহাড়ের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]