পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম, পদবি ও পরিচয় ব্যবহার করে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির বাণিজ্য পরিচালনার অভিযোগে একটি প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি টুকু শেখ (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে রোববার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে টুকু শেখকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম-পরিচয় ব্যবহার করে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির ও ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে আসছিল। অভিযানের সময় গ্রেফতার টুকু শেখের কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিসিয়াল স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়, যা প্রতারণার কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় রবিবার দিবাগত রাতে গ্রেফতার আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ওসি মো. আতিকুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে প্রতারণা চক্রের সক্রিয়তার তথ্য পাওয়া গেছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেফতার এবং পুরো নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর