গত বছর মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বুবলী বলেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।”
তিনি আরও বলেন, “সিনেমাটির পরিচালক মিশুক মনি, প্রযোজক, চিত্রনাট্যকার, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক বিভাগসহ পর্দার পেছনের প্রতিটি কলাকুশলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের পরিশ্রম, নিষ্ঠা ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।”
এই অর্জনের আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন বুবলী। এক পোস্টে তিনি পুরস্কারটিকে পুরো ‘দেয়ালের দেশ’ টিমের সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত বছর মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। চরিত্রটির আবেগঘন উপস্থাপনা এবং অভিনয়ের পরিমিতি তাকে নতুনভাবে আলোচনায় আনে। সেই অভিনয়েরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন করলেন তিনি।
শবনম বুবলী মূলত সংবাদ উপস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৬ সালে ঢালিউডে অভিষেক ঘটে তার। ক্যারিয়ারের শুরুতেই শাকিব খানের বিপরীতে একাধিক বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। সময়ের সঙ্গে নিজেকে ভিন্নধর্মী চরিত্রেও উপস্থাপন করেছেন তিনি। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি কনটেন্টনির্ভর গল্পেও নিয়মিত অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন এই অভিনেত্রী। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে পাওয়া এই সম্মাননা তার ক্যারিয়ারে নতুন একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে যুক্ত হলো।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর