চট্টগ্রাম নগরীর সন্ত্রাস ও অপরাধের জনপথ হিসেবে চিহ্নিত বাকলিয়া এলাকার কিশোর গ্যাং ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষে জড়ানো গ্রুপ গুলোর অন্যতম মুরাদ বাহিনীর প্রধান মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। মুরাদকে গ্রেপ্তারের মধ্যদিয়ে গত রবিবারের সংঘর্ষের ঘটনার জড়িত বিবাদমান দুই গ্রুপের প্রধানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ৷
গ্রেপ্তারকৃত মুরাদ নোয়াখালীর হাতিয়ায় উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরল্রীর বাকলিয়া এলাকায় বসবাস করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নিজের একটি বলয় গড়ে তোলে। স্থানীয়ভাবে ওই বলয় মুরাদ বাহিনী নামে পরিচিত। বিএনপি সরকার ক্ষমতাউ আসার পর নগর যুবদলের এক নেতার আশিবার্দে দিন দিন বেপরোয়া হয়ে ওঠা মুরাদ ইতিপূর্বেও গ্রেপ্তার হয়েছিলেন৷ তবে সম্প্রতি সংঘর্ষের ঘটনার পর যুবদলের পক্ষ থেকে মুরাদ তাদের কেউ নন বলে দাবি করা হয়েছে৷
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদের কাছ থেকে পাইকারি ইয়াবা নিয়ে বিক্রি করতেন মো. জসিম নামের এক ব্যক্তি। তবে বছরখানেক আগে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে জসিম এরপর মুরাদের কাছ থেকে ইয়াবা নেওয়া বন্ধ করে অন্য উৎস থেকে মাদক সংগ্রহ শুরু করেন। ধীরে ধীরে এলাকায় নিজের একটি মাদক সাম্রাজ্য গড়ে তুলতে থাকে জসিক যা একপর্যায়ে মুরাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ একই সাথে জসিম মাদক ব্যবসার ভীত শক্ত করতে গড়ে তোলেন নিজস্ব কিশোর গ্যাং। এরপর থেকে মূলত মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জায়গা দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুরাদ ও জসিম বাহিনীর মধ্যে বিরোধ শুরু হয়। হরহামেশাই এক গ্রুপ অন্য গ্রুপের ওপর হামলা পাল্টা হামলা চালিয়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে৷ এসব কারণে এলাকার আইন শৃংখলার অবনতি ও বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে৷
উল্লেখ্য, রোববার রাতে নগরের বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান। আতঙ্কে দোকানপাট বন্ধ করে বাসাবাড়িতে ঢুকে পড়েন স্থানীয় লোকজন। সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জসিম বাহিনীর প্রধান জসিমসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পটিয়া থেকে মুরাদ বাহিনীর প্রধান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে৷
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর