• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১১:১৬ রাত

দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত

ছবি: সংগৃহীত

নতুন সরকারের পাঁচ মাসের মাথায় দেশে জনদুর্ভোগ বেড়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ ও দুর্নীতির একটি সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে।

সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে গ্যাস সংকট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং লোডশেডিং জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। অনেক এলাকায় গ্যাস না থাকায় নারীরা রান্নার হাঁড়ি-পাতিল নিয়ে রাজপথে নেমে বিক্ষোভ করছেন। একদিকে গ্যাসের দাম বাড়ছে, অন্যদিকে উৎপাদন কমছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি এলপিজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ব্যয় আরও বেড়েছে বলে মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, গ্যাস সংকটের কারণে পোশাক, সার ও ইস্পাত শিল্পসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং সামনের দিনে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত বিলের অভিযোগ তুলে তিনি বলেন, প্রকৃত ব্যবহার না হলেও অনেক গ্রাহককে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এসব অভিযোগ তদন্তে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ নিরসনের পরিবর্তে সরকার সংবিধান সংশোধন নিয়েই বেশি ব্যস্ত। রক্তাক্ত জুলাই সনদের ভিত্তিতে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং বিরোধী দল দমনে মনোযোগী হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

গ্যাস সংকট নিরসনে দেশের গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগের আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একই সঙ্গে প্রশাসনে ‘দলদাসদের’ নিয়োগ ও পদোন্নতির অভিযোগ তুলে তিনি সরকারকে ‘ফ্যাসিবাদের পথে না হাঁটার’ আহ্বান জানান।

তিনি জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে জনগণকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]