৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিএনপি কখনো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেনি। বরং যারা বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ তুলছে, তারাই আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চেয়েছিল।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলটি যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে চলতে পারে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, জামায়াতই আওয়ামী লীগের পথে হাঁটতে পারে। অতীতেও দলটি ফ্যাসিবাদী আচরণ করেছে এবং এখনো সেই পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি। কোনো আন্দোলনেই জামায়াতকে আদর্শিক অবস্থানে দেখা যায়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, বিএনপিকে দেশের জনগণ চেনে। দলটি যে প্রতিশ্রুতি দেয়, তা থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াতে ইসলামী অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার বিপরীত কাজ করেছে।
এ সময় জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক চেতনার প্রকৃত প্রকাশ ঘটানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর