• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:৩৮ রাত

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে কৃতী শিক্ষার্থী-শিক্ষকদের সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের রামুতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে বিভিন্ন জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অধ্যক্ষকে সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. খাদেমুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা হাসিনা আক্তার। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে ২০২৬ সালে বিভিন্ন জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ অর্জিত সাফল্যেরও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। এ বছর রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম, এমফিল, পিএইচডি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, মোহাম্মদ সাইফুল্লাহ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং আদিত্য সিকদার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে জেলা পর্যায়ে স্বীকৃতি লাভ করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে ২১টি, জেলা পর্যায়ে ১১টি এবং বিভাগীয় পর্যায়ে ৪টি প্রথম স্থান অর্জন করে। এছাড়া জাতীয় পর্যায়ের দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১০ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। বিশ্ব রোবট অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৫-এ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় উচ্চবিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং জাতীয় সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে একাধিক সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষাগত উৎকর্ষ সহায়তা কর্মসূচির বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে দেশের সেরা ১০১টি বিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটির সাফল্য উল্লেখযোগ্য। আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, আন্তঃক্যান্টনমেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চতুর্থ স্থান, ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক পদক এবং নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ আটজন শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা, দেশপ্রেম, নেতৃত্ব ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রমে ভবিষ্যতেও আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]