• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৯:২৬ সকাল

পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, তাকেও আটক করল পুলিশ

ছবি: সংগৃহীত

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ ঘটনায় সাবেক চার মুখ্যমন্ত্রীসহ বিরোধী দলের একাধিক নেতা এবং দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। খবর এনডিটিভির।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারার কাছে একটি পার্কে বসে থাকার সময় পুলিশ তাকে আটক করে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যশস্বিনী।

এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলা সাহিবের কাছে পার্কে বসে থাকার কারণে আমাকে আটক করা হয়েছে। বর্তমানে আমাকে কেশবপুরম থানায় রাখা হয়েছে।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির ডাক দেয় দলটি।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিজুড়ে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বসানো হয় ব্যারিকেড। বিক্ষোভকারীদের চলাচল ঠেকাতে বিভিন্ন স্থানে স্থাপন করা হয় স্পাইক স্ট্রিপ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুই হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ।

কে এই যশস্বিনী রাজে সিং?

যশস্বিনী রাজে সিং উত্তরপ্রদেশের ফতেহপুর সদর আসনের সাবেক বিজেপি বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে। চলতি বছরের জুন ও জুলাইয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি। ওই আন্দোলনে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছিল।

সে সময়ও ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন যশস্বিনী। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই তাকে আটকের ঘটনা সামনে এলো।

আটক চার সাবেক মুখ্যমন্ত্রী

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় বিরোধী দলের চার সাবেক মুখ্যমন্ত্রীকেও আটক করা হয়েছে। তারা হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, কেরালার পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকার।

তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্য দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকা থেকে দলের কয়েকজন সংসদ সদস্যসহ আটক করা হয়। পুলিশ তাকে বিক্ষোভস্থলে যেতে বাধা দিলে তিনি একটি বাসস্ট্যান্ডে বসে পড়েন। পরে তাকে ও দলের পাঁচ সংসদ সদস্যকে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। আটক সংসদ সদস্যদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন।

পুলিশের পদক্ষেপের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা, ইন্ডিয়া জোট, মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে লড়াই চালিয়ে যাব।’

এদিকে, যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথেও বিরোধী দলের আরও কয়েকজন নেতা ও ছাত্রনেতাকে আটক করা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]