জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে দেশে আবারও আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের মূল ভিত্তি ছিল জুলাই সনদ। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এটি বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা বাড়ছে।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১৮ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে সাধারণ মানুষ ছাত্রদের পাশে রাজপথে নেমে এসেছিল, যা গণঅভ্যুত্থানকে চূড়ান্ত রূপ দিতে বিশেষ ভূমিকা রাখে। দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের যে লক্ষ্য নিয়ে মানুষ আন্দোলন করেছিল, বর্তমানে তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ মাওলানা মো. আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোঃ তরিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সদস্য মাওলানা আবু মুকাররম মো. কামাল উদ্দিন এবং ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনসমূহের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দও এতে বক্তব্য রাখেন।
সম্মেলনের শেষপর্বে ভোলা জেলা উত্তর শাখার ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। নবগঠিত কমিটিতে মাওলানা মো. আতাউর রহমান মোমতাজী সভাপতি, মাওলানা মো. ওবায়দুর রহমান সহ-সভাপতি এবং মাওলানা মো. তরিকুল ইসলাম তারেক সেক্রেটারি মনোনীত হয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর