২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের যোগাযোগ স্থাপনে মধ্যস্থতা করেছিলেন বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক। ইউনূসের সাবেক প্রেস সচিব ও এএফপির সাবেক ঢাকা ব্যুরোপ্রধান শফিকুল আলমের এক ফেসবুক পোস্টে এ তথ্য উঠে এসেছে।
শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের আগে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবছিলেন ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ইউনূসের সঙ্গে যোগাযোগ স্থাপনে একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারীর প্রয়োজন দেখা দেয়।
সেই প্রেক্ষাপটে এএফপির ঢাকা কার্যালয়ের তৎকালীন ফ্যাক্ট-চেক বিভাগের প্রধান কদরুদ্দীন শিশির ছাত্রনেতাদের সঙ্গে ইউনূসের যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা রাখেন বলে জানান শফিকুল আলম।
তাঁর পোস্টে বলা হয়, এএফপির কার্যালয়ে নিজের কর্মস্থলে বসেই অত্যন্ত গোপনে ছাত্রনেতাদের পক্ষ থেকে ড. ইউনূসের সঙ্গে প্রাথমিক যোগাযোগ স্থাপন ও কথাবার্তা এগিয়ে নেওয়ার কাজ করেছিলেন শিশির।
শফিকুল আলমের দাবি, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের যোগাযোগ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি প্রকাশ্যে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুমের শিকার হওয়ার আশঙ্কা ছিল। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও শিশির একদিকে আন্দোলন চলাকালে হতাহতের তথ্য-প্রমাণ সংগ্রহ করছিলেন, অন্যদিকে ছাত্রনেতাদের সঙ্গে ইউনূসের যোগাযোগের বিষয়টিও সামলাচ্ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর পরদিন, ৬ আগস্ট, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
পরে ৮ আগস্ট প্যারিস থেকে ঢাকায় ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস।
এর আগে নিউইয়র্কে এক অনুষ্ঠানে ড. ইউনূস গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে ছাত্রনেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ স্থাপনে একজন সাংবাদিকের মধ্যস্থতার বিষয়টি সামনে আসায় ২০২৪ সালের আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তবে শফিকুল আলমের ফেসবুক পোস্টে উঠে আসা এই তথ্যের স্বাধীন যাচাই এবং যোগাযোগের বিস্তারিত বিবরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অতিরিক্ত নির্ভরযোগ্য সূত্র প্রয়োজন।
সূত্র: আজকাল ইন
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর