নাটোরের দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করে পুলিশ। তবে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া অস্ত্রটি খেলনা পিস্তল বলে দাবি করে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মো. ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
এঘটনায় আটক হওয়া যুবকের নাম শামস আলামিন তামিম। তিনি শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, বিকালে উত্তরা গণভবন পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের সভাস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আটক যুবক তামিম। মঞ্চ থেকে মন্ত্রী ও হুইপ নেমে যাওয়ার সময় তাকে তল্লাশি করা হলে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পিস্তলটি যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, খেলনা পিস্তল।
তিনি আরও জানান, তবে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি ও ভিভিআইপি নিরাপত্তা এলাকার কাছাকাছি ওই যুবক কেন খেলনা পিস্তল নিয়ে অবস্থান করছিলেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি উদ্ধার হওয়া বস্তুটি খেলনা হলেও এমন স্পর্শকাতর স্থানে সেটি নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর