পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীর তীরবর্তী একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালী এলাকায় বিলের মাঝে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে দশমিনা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাট-সংলগ্ন কলাবাড়ি এলাকায় তেঁতুলিয়া নদী সাঁতরে পার হওয়ার সময় এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন, নৌপুলিশ ফাঁড়ি, দশমিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। পরে সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে তেঁতুলিয়া নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। পরবর্তীতে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
রোববার দুপুরে কাটাখালী এলাকার একটি বিলের মাঝে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দশমিনা নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় যুবক সিফাত বলেন, দুপুরের দিকে তার বাড়ির সামনে তেঁতুলিয়া নদীর তীরবর্তী বিলের মাঝে একটি যুবকের মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয়রা নৌপুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তার ধারণা, জোয়ারের সময় মরদেহটি বিলের মধ্যে প্রবেশ করে এবং ভাটার সময় স্রোতের কারণে আর নদীতে নামতে পারেনি।
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক বলেন, "গত শুক্রবার সকালে কেদিরহাট-কলাবাড়ি এলাকায় তেঁতুলিয়া নদী সাঁতরে পার হওয়ার সময় এক অজ্ঞাত যুবক নিখোঁজ হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। রোববার দুপুরে কাটাখালী এলাকা থেকে এক যুবকের মরদেহ বিলের মধ্যে পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি শুক্রবার নিখোঁজ হওয়া যুবকের কি না, তা শনাক্তের চেষ্টা চলছে।"
নিখোঁজ যুবকের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর