শোক ও ভালোবাসায় প্রিয়জনদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোংলা পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন (৫০)।
রবিবার (৯ আগস্ট) ভোররাত ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এস এম কবির হোসেন। উন্নত চিকিৎসার জন্য এর আগে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন মোংলার পরিচিত এই রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মোংলা পৌর এলাকা ও আশপাশে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও বন্ধুবান্ধব। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের আবহ।
রবিবার বাদ জোহর কুমারখালী শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজায় দলমত নির্বিশেষে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, বন্ধু-বান্ধব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। প্রিয় কবির হোসেনকে শেষবারের মতো দেখতে ও বিদায় জানাতে মানুষের ঢল নামে।
জানাজায় উপস্থিত অনেকের চোখেই ছিল অশ্রু, কণ্ঠে ছিল প্রিয় মানুষটিকে হারানোর বেদনা। কর্মময় জীবনে মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক আর ভালোবাসার স্মৃতিই যেন শেষ বিদায়ের মুহূর্তে আরও গভীর হয়ে ওঠে।
এস এম কবির হোসেনের মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর