ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা না হলেও পরোক্ষভাবে যোগাযোগ বা ‘আংশিক আলোচনা’ চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরান জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না। এদিকে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন বর্তমানে তেহরানের সঙ্গে ‘সেমি-নেগোশিয়েটিং’ বা সীমিত পর্যায়ে আলোচনা করছে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারসহ তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না ইরান।
অন্যদিকে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি ১৫ দফা শান্তি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
এদিকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন লোহিত সাগরের আল-মাখা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
ফলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং গাজা যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর