দক্ষিণ মেরুতে উচ্চশক্তির নিউট্রিনো নিয়ে গবেষণা এবং আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।
নোবেল কমিটি জানিয়েছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য হালজেনকে এ সম্মান দেওয়া হয়েছে।
৮২ বছর বয়সী হালজেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের সঙ্গে যুক্ত। তিনি ১৯৮০-এর দশক থেকে নিউট্রিনো গবেষণায় কাজ করছেন। দক্ষিণ মেরুর প্রাকৃতিক বরফকে বিশাল আকারের নিউট্রিনো শনাক্তকারী হিসেবে ব্যবহারের ধারণা বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি দক্ষিণ মেরুর বরফের প্রায় এক ঘনকিলোমিটার এলাকাজুড়ে স্থাপিত। এতে আলো শনাক্তকারী সেন্সর ব্যবহার করে প্রায় ভরহীন অতিপারমাণবিক কণা নিউট্রিনোর গতিবিধি শনাক্ত করা হয়। এসব উচ্চশক্তির নিউট্রিনো দূর মহাবিশ্বের বিস্ফোরণ, কৃষ্ণগহ্বর ও অন্যান্য শক্তিশালী জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
নোবেল কমিটির পদার্থবিজ্ঞান শাখার চেয়ারম্যান মার্ক পিয়ার্স বলেন, হালজেন আন্তর্জাতিক গবেষক ও প্রকৌশলীদের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদর্শিতা জ্যোতির্বিজ্ঞানের নতুন একটি দ্বার খুলে দিয়েছে।
আইসকিউবের মাধ্যমে ২০১৩ সালে মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনোর প্রবাহ শনাক্ত করা হয়। এই আবিষ্কার মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক ঘটনাগুলো পর্যবেক্ষণের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করে।
এবারের নোবেল পুরস্কার ঘোষণার শুরু হয় সোমবার চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। মঙ্গলবার পদার্থবিজ্ঞানের পর বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।
২০২৬ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।
সূত্র: রয়টার্স, নোবেলপ্রাইজ ডটঅর্গ
সাজু/নিএ
সর্বশেষ খবর