জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়িকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিচারকের নাম একে এম সামিউল হক (২৭)। তিনি জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। তিনি একে এম ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি প্রাইভেটকার জামালপুরের দিকে যাচ্ছিল। লাহিড়িকান্দি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা বিচারক ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা আহত প্রাইভেটকার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর