চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে চুয়েট কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়েটের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। তাদের উভয়ের বাড়ি সিলেটে বলে জানা গেছে
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে দুই শিক্ষার্থী কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরটিতে গোসল করতে যান। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি স্থানে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান।
দুই শিক্ষার্থী ডুবে গেলে স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চালানো হয়। প্রথমে প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং আনুমানিক ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দু'জনের নিথর দেহ চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী মৃত্যু বরণ করেছেন৷
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর