‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, বন্যহাতির জীবন রক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের মধুটিলা ও বালিজুরি ফরেষ্ট রেঞ্জের আয়োজনে পৃথকভাবে সংস্লিষ্ট রেঞ্জ কার্যালয় এলাকায় বিশ্ব হাতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক ও শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনীষা আহমেদ।
পৃথক দুটি অনুষ্ঠানে বক্তব্য দেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস. বি তানভীর আহমেদ ইমন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, রাতুল সাহা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রেঞ্জের বন বিভাগের বন কর্মকর্তা, পরিবেশকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, পৃথিবীতে দ্রুতই বন্যহাতির সংখ্যা কমে যাচ্ছে। এখানের বন জঙ্গল ছোট। এখানে আবার মানুষও থাকে। হাতির সুরক্ষা তখনই নিশ্চিত হবে যখন মানুষ আর বনের জঙ্গলে ঢুকবেনা, বনে হাতির জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা যাবে এবং বনে হাতির জন্য নিরাপদ বিচরণ ক্ষেত্র তৈরি করা সম্ভব হবে। এভাবেই হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। বন বিভাগসহ আমরাও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হাতি-মানুষ সহাবস্থানের বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, মানুষ যাতে জীবিকার জন্য বনের ভিতরে ঢুকে চাষাবাদসহ অন্যান্য কাজের জন্য যেয়ে বন্যহাতির সামনে না পড়ে যায় এ বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে এবং বিকল্প জীবিকার অন্বেষণ করতে হবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর