• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ দুপুর

নি:শ্বাসের ধূসরতা থেকে জনতার উদ্যোগে: পরিষ্কার বায়ুর পথে যুবদের ১৫ দফা দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

“Breathing in the Grey: From Policy Gaps to Public Action for Clean Air” শীর্ষক জাতীয় প্রেস কনফারেন্স আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার বায়ু, জনস্বাস্থ্য ও পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে নীতি ও পরিকল্পনার পাশাপাশি কার্যকর বাস্তবায়ন, পরিবীক্ষণ, জবাবদিহিতা এবং তরুণদের অর্থবহ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে এই আয়োজন করা হয়।

BREATHE কোয়ালিশন ও সূর্যোদয় ইয়ুথ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্সে তরুণ, গবেষক, নাগরিক সমাজ, উন্নয়নকর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যোদয় ইয়ুথ সোসাইটির পরিচালক রায়হান নোমান নূরনবী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Center for Atmospheric Pollution Studies (CAPS)-এর পরিচালক প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অ্যাকশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার—ইয়ুথ মোবিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন মো. মাসুদ পারভেজ অভি এবং স্মার্ট এয়ার বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বায়ুদূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, জীবনযাত্রা এবং পরিবেশগত ন্যায়বিচারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিদ্যমান আইন, নীতি ও কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, দূষণের উৎসভিত্তিক নিয়ন্ত্রণ, নিয়মিত পরিবীক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, বায়ুদূষণ মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য ও বৈজ্ঞানিক গবেষণার ব্যবহার আরও শক্তিশালী করতে হবে। বায়ুদূষণের উৎস চিহ্নিত করার পাশাপাশি সেই তথ্যকে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকরভাবে ব্যবহার করা জরুরি। তিনি তরুণদের গবেষণা, সচেতনতা ও জনসম্পৃক্ততার উদ্যোগকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

মো. মাসুদ পারভেজ অভি বলেন, জলবায়ু ও পরিবেশবিষয়ক উদ্যোগে তরুণদের অংশগ্রহণ শুধু পরামর্শের পর্যায়ে সীমাবদ্ধ রাখা উচিত নয়। নীতি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রেও তরুণদের অর্থবহভাবে যুক্ত করার সুযোগ তৈরি করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে তরুণদের অভিজ্ঞতা ও বাস্তবতাকে নীতিগত আলোচনার সঙ্গে যুক্ত করলে কার্যকর উদ্যোগ গ্রহণ আরও সহজ হবে।

মো. আশরাফুল ইসলাম বলেন, বায়ুদূষণ সম্পর্কে মানুষের কাছে সহজবোধ্য ও ব্যবহারযোগ্য তথ্য পৌঁছে দেওয়া জরুরি। বায়ুর মানের তথ্য জনগণের জন্য সহজলভ্য করার পাশাপাশি দৈনন্দিন জীবনে দূষণের ঝুঁকি কমাতে সচেতনতা ও কার্যকর যোগাযোগ জোরদার করতে হবে। তিনি তথ্য, গবেষণা ও জনসম্পৃক্ততার মাধ্যমে পরিষ্কার বায়ু নিশ্চিত করার উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রায়হান নোমান নূরনবী বলেন, বাংলাদেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন আইন, নীতি ও পরিকল্পনা থাকলেও সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, তরুণদের শুধু নীতিগত আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিলেই হবে না; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়াতেও তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রেস কনফারেন্সে “Youth Demand for Clean Air” শীর্ষক যুবদের ১৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. বিদ্যমান আইন, নীতি ও কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।

২. আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও দায়িত্বের স্পষ্টতা নিশ্চিত করা।

৩. সহজ ও কার্যকর জবাবদিহিতার ব্যবস্থা গড়ে তোলা।

৪. পরিবেশগত ছাড়পত্রের পর নিয়মিত পরিবীক্ষণ নিশ্চিত করা।

৫. দূষণকারী শিল্প ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা।

৬. বায়ুর মান পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা।

৭. দূষণের হটস্পটগুলোতে নিয়মিত ও উৎসভিত্তিক পরিবীক্ষণ করা।

৮. বায়ুর মান ও পরিবেশগত তথ্য জনগণের জন্য সহজলভ্য করা।

৯. যানবাহন, নির্মাণ ও রাস্তার ধুলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

১০. খোলা জায়গায় বর্জ্য পোড়ানোসহ স্থানীয় দূষণ নিয়ন্ত্রণ করা।

১১. স্বাস্থ্য ও পরিবেশগত ন্যায়বিচারকে বায়ুদূষণ নিয়ন্ত্রণের অংশ করা।

১২. স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন সক্ষমতা ও প্রয়োজনীয় সম্পদ বৃদ্ধি করা।

১৩. জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণকে নিয়মিত কার্যক্রমে পরিণত করা।

১৪. যুব ও নাগরিক সমাজের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা।

১৫. BREATHE Coalition-কে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ প্রক্রিয়ায় অংশীদার করা।

বক্তারা বলেন, পরিষ্কার বায়ু নিশ্চিত করতে শুধু নতুন নীতি বা আইন প্রণয়ন নয়, বিদ্যমান কাঠামোর কার্যকর বাস্তবায়ন, নিয়মিত পরিবীক্ষণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পরিবেশগত তথ্য জনগণের কাছে উন্মুক্ত করা এবং নাগরিক সমাজ ও তরুণদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

BREATHE Coalition-এর পক্ষ থেকে জানানো হয়, “Building Resilient Engagement for Air, Transparency & Health Equity” বা BREATHE Coalition পরিষ্কার বায়ু, জনস্বাস্থ্য, পরিবেশগত ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করা যুব সংগঠন, নাগরিক সমাজ, গবেষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের একটি সম্মিলিত উদ্যোগ। জোটটি নীতি আলোচনার পাশাপাশি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও জনসম্পৃক্ততার ক্ষেত্রেও সহযোগিতামূলকভাবে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আজকের প্রেস কনফারেন্সের উদ্দেশ্য শুধু দাবি উপস্থাপন করা নয়; বরং নীতিগত প্রতিশ্রুতি ও বাস্তব কার্যক্রমের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমাতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আরও কার্যকর সংলাপ ও সহযোগিতার সুযোগ তৈরি করা।

প্রেস কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, গবেষক, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং তরুণদের সমন্বিতভাবে পরিষ্কার বায়ু নিশ্চিত করার জন্য কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি আয়োজিত হয় BREATHE Coalition ও সূর্যোদয় ইয়ুথ সোসাইটির উদ্যোগে। সহযোগিতায় ছিল ActionAid Bangladesh, ABCD, Foundation for Women Possibilities, LEDARS, Smart Air Bangladesh, The Earth Society এবং Youth for CARE।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]