শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিশা। তিনি অভিযোগ করেন, মামলার বাদী একজন নারী হলেও স্বামীর প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। এ সময় তিনি জানান, এ ঘটনায় তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য তার কাছে রয়েছে, যা সময়মতো প্রকাশ করবেন।
তিশা বলেন, মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়িকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যা তার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের জন্য অত্যন্ত হতাশাজনক। তার ভাষায়, একটি শাড়ির ঘটনায় তাকে আদালতে হাজির হতে হবে—এটি কোনোভাবেই কাম্য নয়। তিনি এ ঘটনায় সঠিক ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।
অভিযোগকারীর প্রতি ইঙ্গিত করে তিশা আরও বলেন, তিনিও একজন নারী এবং তারও পরিবার ও ব্যক্তিগত জীবন রয়েছে। একজন নারী হিসেবে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যেন কাউকে এ ধরনের হীন উদ্দেশ্যে হয়রানির শিকার হতে না হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন অভিনেত্রী।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। অভিযোগকারী পক্ষের দাবি, শাড়িটির প্রচার চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দিয়েছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় শাড়িটির মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার না চালানোর অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর