• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪২ দুপুর

রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ফটো

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল ১৬ আগস্ট রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

সফরসূচি অনুযায়ী রোববার সকাল ৯টায় ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছাবেন এবং সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

​এরপর দুপুর ১২টায় তিনি কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা দিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। বেলা ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা দেবেন এবং বেলা ১টায় সেখানে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।

​১টা ৪৫ মিনিটে তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

​বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন তিনি। পরবর্তী সময়ে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

​দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেল ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনের প্রাক্কালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচারণার অংশ হিসেবে বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। ওই জনসভায় তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনে বিএনপির ছয় প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর আগে ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জে আসেন তারেক রহমান। ওই সময় বিএনপি নেতা ও বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে সঙ্গে নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে ২৩টি পথসভা ও জনসভায় অংশ নেন তিনি। এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভেন্যু ও সড়ক কেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আড়াই থেকে তিন হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘দলের পক্ষ থেকে একেবারে পাকুন্দিয়া টুকের ব্রিজ থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভেন্যু, প্রত্যেকটা মোড়, প্রোগ্রামের জায়গাগুলোতে যাতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাবেশ ঘটে, উপস্থিতি ঘটে—এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুরো কিশোরগঞ্জে আনন্দের ঢেউ বইছে। সরকার গঠনের পরে কিশোরগঞ্জে প্রথম উনি আসছেন—এটা অত্যন্ত আনন্দের বিষয়।’

​প্রতিমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ, এটা আমাদের জন্য একটা ঐতিহ্য এবং আনন্দের, গর্বের বিষয়। এখানকার উন্নয়নের জন্য উনি একটা প্রজেক্ট দিয়েছেন, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পুরো কিশোরগঞ্জে আনন্দের ঢেউ বইছে এবং আমরা বিশ্বাস করি শুধু সরকারি প্রোগ্রামই নয়, যে উন্নয়ন প্রকল্পগুলো গত ৬ মাসে আমরা কিশোরগঞ্জের জন্য চিন্তা করেছি, সেগুলোরও আশা করি একটা উন্নতি হবে।’

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]