নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দুটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা, আলোচনা এবং সংসদীয় পর্যায়ে তদারকির সুযোগ দেয়। নতুন দায়িত্বের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান ও শিল্প খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার সুযোগ পেলেন রূপগঞ্জের এই সংসদ সদস্য।
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান, অবকাঠামো, গ্যাস ও জ্বালানি সুবিধাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট কমিটিতে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জাতীয় সংসদের উন্মুক্ত তথ্যভাণ্ডারেও মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার সদস্যপদ হিসেবে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তথ্য উল্লেখ রয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর দিপু ভূঁইয়ার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় তাকে এ দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বার্তায় জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি রূপগঞ্জের মানুষের প্রয়োজন, সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো সংসদে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর