বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সদস্যরা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলকে পরামর্শ দেওয়ার পাশাপাশি দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
জাতীয় স্থায়ী কমিটিতে নতুন অন্তর্ভুক্ত চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
রুহুল কবির রিজভী এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুগ্ম মহাসচিবের দায়িত্বেও ছিলেন। সাবেক রাকসু ভিপি রিজভী ছাত্রজীবন শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন।
আমান উল্লাহ আমান এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসেন। তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
ডা. ফরহাদ হোসেন ডোনারও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক।
অন্যদিকে, মো. ইসমাইল জবিউল্লাহ এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমানে সরকারের জনপ্রশাসন উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়াতেই নতুন চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত করা হলে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় স্থায়ী কমিটির আরও একটি পদ শূন্য হয়। অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে পারছেন না। অন্যদিকে মাহবুবুর রহমানও দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে নেই। এমন পরিস্থিতিতে জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করল বিএনপি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর