দেশের চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা গেলে আগামী দুই বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তবে এই সময় শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সংকট মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে বিকল্প সমাধান খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়নবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গ্যাস সংকটের কারণে শিল্পকারখানাগুলোতে যে দুর্ভোগ তৈরি হয়েছে, সেটি দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা। এই সংকট স্থায়ীভাবে সমাধানের জন্য গ্যাস আমদানি এবং সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়াতে হবে।
তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়াতে এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই দুই বছর শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ। তাই জরুরি ও প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কোনো সমাধান করা যায় কি না, তা নিয়েও সরকার কাজ করছে।’
গ্যাস সরবরাহ বাড়াতে বিকল্প একটি উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে এলএনজি এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে সরবরাহ বাড়ানোর সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর