টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। নতুন ক্লাবের সঙ্গে ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে রোমেরোকে দলে নিয়েছে অ্যাটলেটিকো। মাদ্রিদের ভিথাস-ইনভিকটুম হাই-পারফরম্যান্স স্পোর্টস মেডিসিন সেন্টারে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর রিয়াদ এয়ার মেট্রোপলিতানোর ক্লাব কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন তিনি।
২০২১-২২ মৌসুমে ধারে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন রোমেরো। পরবর্তী সময়ে স্থায়ীভাবে লন্ডনের ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। পাঁচ মৌসুমে টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬ ম্যাচে মাঠে নেমে ১৩ গোল ও ৭টি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন।
টটেনহ্যামের হয়ে রোমেরোর ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪-২৫ মৌসুমে। তার নেতৃত্বে ইউরোপা লিগের শিরোপা জেতে ইংলিশ ক্লাবটি। এটি ছিল ৩১ বছরের মধ্যে টটেনহ্যামের প্রথম ইউরোপীয় ট্রফি। ওই আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান রোমেরো।
আর্জেন্টিনার কর্দোবা শহরে জন্ম নেওয়া রোমেরো ২০১৬ সালে ক্লাব আতলেতিকো বেলগ্রানোর হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন। এরপর ইতালির জেনোয়া ও জুভেন্টাসের হয়ে খেলেন। আটলান্টায় কাটানো সময়টাও ছিল সাফল্যময়। ২০২০-২১ মৌসুমে ক্লাবটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর সিরি আ-এর সেরা ডিফেন্ডার নির্বাচিত হন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও রোমেরোর অর্জনের তালিকা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডিফেন্ডার জিতেছেন ২০২২ ফিফা বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা।
অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার মাধ্যমে রোমেরো এবার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করছেন। ২০৩১ সাল পর্যন্ত স্পেনের ক্লাবটির রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তাকে ঘিরে বড় প্রত্যাশা থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর