হরমুজ প্রণালীকে ইরানের জলসীমা ও ভূখণ্ডের ‘অবিচ্ছেদ্য অংশ’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মোহসেনি-এজেই।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানের ভূখণ্ড ও সীমান্ত এলাকার অবিচ্ছেদ্য অংশ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে কোনো ধরনের ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নেওয়ার চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ভিত্তিহীন দাবি করে মোহসেনি-এজেই বলেন, আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের নীতির আলোকে হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার রয়েছে।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক ও সামরিক সংঘাতের কঠিন বাস্তবতায় ট্রাম্প একজন ‘পরাজিত ব্যক্তি’। তাঁর মতে, ট্রাম্পের বক্তব্য মূলত ‘ভার্চুয়াল ভাঁওতাবাজি ও অর্থহীন কথাবার্তা’ ছাড়া কিছু নয়।
ইরানের এই শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেন, ঔদ্ধত্যের মাধ্যমে কেউ হরমুজ প্রণালীতে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। তাঁর ভাষ্য, শত শত কোটি ডলার ব্যয়ে তৈরি বিমানবাহী রণতরী যা অর্জন করতে পারেনি, কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও বক্তব্যের মাধ্যমে সেটিও অর্জন করা সম্ভব নয়।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। তাই এই কৌশলগত জলপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র: মেহের নিউজ
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর