• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০২:২৮ দুপুর

কক্সবাজারের হোটেলে 'দেশি মুরগি'র নামে সোনালি মুরগি, ‘প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর’ নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় 'দেশি মুরগি'র নামে সোনালি মুরগির মাংস পরিবেশনের অভিযোগের প্রতিকার চাওয়ায় এক পর্যটককে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, প্রতিকার চাইলে কোনো লাভ হবে না উল্লেখ করে ওই পর্যটককে হুমকি দেন কামরুল হাসান। কথোপকথনের সময় তিনি হোটেলটির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন। এ ঘটনায় শনিবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করেছে পুলিশ। মামলায় বাদী হয়েছেন থানার এসআই শুভ্র রুদ্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। একই সঙ্গে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করেন। রাতে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেতে হোটেলটির নিজস্ব রেস্তোরাঁয় যান রাসেল। সেখানে খাবারের অর্ডার দেওয়ার সময় তিনি একাধিকবার নিশ্চিত হয়ে দেশি মুরগির মাংস চান। রেস্তোরাঁর কর্মীরাও তাকে দেশি মুরগি পরিবেশনের বিষয়টি নিশ্চিত করেন। তবে খাবার পরিবেশনের পর মাংসের স্বাদ নিয়ে সন্দেহ হয় রাসেলের।

বিষয়টি তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানান। তার অভিযোগ, দেশি মুরগির কথা বলে তাদের সোনালি মুরগির মাংস পরিবেশন করা হয়েছে। রাসেলের দাবি, অভিযোগ করার পর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে। এমনকি হোটেলটিতে 'দেশি মুরগি' হিসেবে মূলত সোনালি মুরগিই পরিবেশন করা হয় বলেও তাকে জানানো হয়।

ঘটনার পর রাসেল কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ফোন করে বিষয়টি জানান। তবে তাৎক্ষণিক কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেন তিনি। এরপরই তার কাছে ফোন আসে হোটেল সী-গালের রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানের। রাসেলের অভিযোগ, ওই ফোনে তাকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়া হয়।

রাসেল উদ্দিন বলেন, রেস্তোরাঁয় বারবার জিজ্ঞেস করার পরও তাদের মিথ্যা বলে অন্য মুরগি দেওয়া হয়েছে। টাকার পরিমাণ নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু সেবার নামে খাবারের টেবিলে প্রতারণা এবং পরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার বিষয়টি মেনে নিতে পারিনি।

পরে বিষয়টি সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্মেও জানান তিনি।

রাসেলের অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিকরা মীর কামরুল হাসানের সঙ্গে কথা বলেন। জাতীয় অভিযোগ সেলে করা অভিযোগ প্রসঙ্গে কথা বলার সময় তিনি হোটেলটির মালিকপক্ষের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কের কথা উল্লেখ করেন।

কামরুল হাসান বলেন, আমাদের এমডির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক রয়েছে, তারেক রহমানেরও সম্পর্ক রয়েছে। আমাদের হোটেলটা তারেক রহমানের হোটেল নামে সবাই জানে, আপনিও হয়তো জানেন।

তার এই বক্তব্যের অডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অডিওটি প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে দাবি করছে সূত্রটি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি এমন কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে পুলিশ বাদী হয়ে মামলা করে এবং অভিযুক্ত রেস্তোরাঁ ম্যানেজারকে গ্রেপ্তার করে।

ঘটনার পর মীর কামরুল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল।

তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ম্যানেজারকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

শুধু হুমকির ঘটনায় মামলা নয়, দেশি মুরগির নামে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়েছে।

রাসেল উদ্দিনের লিখিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের নথিতেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে। এর আগে জেলা প্রশাসনের পর্যটন সেলেও অভিযোগ করেছিলেন রাসেল। সেখান থেকে তাৎক্ষণিক প্রতিকার না পেয়ে পরে কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) প্ল্যাটফর্মে অভিযোগ করেন তিনি। অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]