পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর গালফ নিউজের।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শামসো বিবি ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত ছিলেন। প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে সক্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৩ লাখ।
নিহতের বাবা ফজল সাহেবজাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা করেছে। ডেইলি পাকিস্তানসহ স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশকে দেওয়া অভিযোগে বিবির বাবা জানান, ঘটনার দিন কাশিফ নামে এক ব্যক্তির ফোন পেয়ে মেয়ে বাড়ি থেকে বের হন। এ সময় তার ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহও সঙ্গে ছিলেন। তারা গাড়িতে করে যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
অভিযোগপত্রে বলা হয়েছে, একটি গুলি শামসো বিবির ঘাড়ে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে তার ছোট বোন আসিমা গুরুতর আহত হন।
নিহতের বাবা পুলিশের কাছে অভিযোগ করেন, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। টাকা ফেরত দেওয়ার জন্য তারা শামসো বিবিকে নিয়মিত হুমকি দিতেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আগেও লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানান তিনি।
ফজল সাহেবজাদার ধারণা, শামসো বিবি হত্যাকাণ্ডে কাউসার ও জাভেদ সরাসরি অথবা অন্য কারও মাধ্যমে জড়িত থাকতে পারেন। একই সঙ্গে ঘটনার কিছুক্ষণ আগে কাশিফের ফোনে বাড়ি থেকে বের হওয়ার বিষয়টি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর