দীর্ঘ ১৬ বছর ধরে দেশের টেলিযোগাযোগ খাতের একটি পরিচিত ব্র্যান্ড ‘এয়ারটেল’। বিশেষ করে তরুণদের আলোড়িত করা এই মোবাইল ফোন অপারেটর ব্র্যান্ড এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটির উদ্বোধন করে রবি আজিয়াটা পিএলসি। এর মধ্যদিয়ে ১৬ বছরের যাত্রা শেষে নতুন পরিচয়ে পথচলা শুরু করল এয়ারটেল।
তবে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবা ও বিদ্যমান সুবিধায় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে রবি। এয়ারটেলের গ্রাহকদের ০১৬ নম্বর, বিদ্যমান সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যও নিরাপদ ও সচল থাকবে।
রবি কর্মকর্তারা জানান, গত ১৬ বছরে এয়ারটেল দেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং তাদের জীবনধারা, আগ্রহ ও আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হয়েছে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই ‘সার্কেল’ নতুন অধ্যায়ের সূচনা করছে। পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনযাপনের কথা বিবেচনায় রেখে নতুন ব্র্যান্ডটি তৈরি করা হয়েছে।
‘সার্কেল’-এ এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ডিজিটাল সক্ষমতা, আধুনিক সেবা ও ভবিষ্যতমুখী প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটালনির্ভর সেবা আরও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির।
নতুন ব্র্যান্ডটির মূল ভাবনা ‘বাস্তব সংযোগ’। মানুষের সঙ্গে মানুষের অর্থবহ সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকার সুযোগ তৈরি করাই ‘সার্কেল’-এর অন্যতম লক্ষ্য। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি থেকে শুরু করে প্রতিদিনের ডিজিটাল কার্যক্রমে তরুণদের নির্ভরযোগ্য সংযোগ ও সমৃদ্ধ অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।
তিনি বলেন, সংযোগের ক্ষেত্রে এখন শুধু বেশি মানুষকে যুক্ত করাই মূল বিষয় নয়; বরং সেই সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ। এয়ারটেলের যাত্রার পরবর্তী বিবর্তন হিসেবে ‘সার্কেল’ নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছে।
‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি- ‘আসল সংযোগ, সবসময় সচল’। তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এই প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। তাদের এমএফএস ওয়ালেট, অ্যাকাউন্ট, লেনদেন ও গ্রাহকসংক্রান্ত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।
কোম্পানিটি বলছে, বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে নতুন নতুন উদ্ভাবন ও সেবায় বিনিয়োগ অব্যাহত রাখবে ‘সার্কেল’। এর মাধ্যমে তরুণদের নিজেদের পরিসরের মানুষ ও কমিউনিটির সঙ্গে আরও অর্থবহভাবে যুক্ত থাকা এবং নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে সহায়তা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর