কুমিল্লায় প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ। আটকরা হলেন ফয়সাল হোসেন (২৫) ও প্রাডো গাড়ির চালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়িই কক্সবাজারের চকরিয়া উপজেলায়। ইয়াবা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়। পরে গণনা করে ওই লাগেজ থেকে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আটকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর