মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানকে ঘিরে উত্তর উপকূলের একটি রিসোর্ট হোটেলে পারিবারিক বিরোধের ঘটনা ঘটেছে। বিষয়টি জানিয়েছে স্কাই নিউজ আরাবিয়া। মিশরীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমান স্ত্রী দান-আদমকে নিয়ে হোটেলে অবস্থানের সময় সাবেক স্ত্রী হুওয়াইদা ও তার সন্তানদের সঙ্গে হাসানের বিরোধে জড়িয়ে পড়েন তিনি।
ঘটনাটি ঘটে মিশরের উত্তর উপকূলের মেরিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে। জানা গেছে, জনপ্রিয় মিশরীয় শিল্পী মোহামেদ রমজানের একটি অনুষ্ঠান দেখে হাসান ও দান-আদম হোটেলে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। তখন হঠাৎ হাসানের সাবেক স্ত্রীর কয়েকজন সন্তান ক্যাফেতে এসে তাকে চেয়ারে থেকে টেনে তুলে তাদের সঙ্গে যেতে বলেন।
এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে মিশরীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দান-আদমের সঙ্গে হুওয়াইদা ও তার মেয়ের বাগবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে গড়ায়। এতে আরও কয়েকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দান-আদমের অভিযোগ, সংঘর্ষের সময় কেউ তার দিকে গরম কফি ছুড়ে মারে। এরপর তাকে চড় ও ঘুষি মারা হয় এবং চুল ধরে টানাটানি করা হয়। এমনকি ধাক্কাধাক্কির মধ্যে তার সন্তানরাও আক্রান্ত হয় বলে দাবি করেন তিনি।
এদিকে দুই পক্ষের মাঝখানে পড়ে যান হোসাম হাসান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। হোটেলে থাকা অতিথিদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর হাসানের সাবেক স্ত্রী হুওয়াইদা থানায় অভিযোগ দায়ের করেন। তবে পরে তিনি নিজেই সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।
অন্যদিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দান-আদম আবেগপ্রবণ হয়ে ঘটনার বর্ণনা দেন। তার ভাষ্য, একসঙ্গে কয়েকজন তাকে আক্রমণ করেন এবং সংঘর্ষের পুরো সময় হাসান দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনিও একপর্যায়ে অসহায় হয়ে পড়েন বলে জানান তিনি।
দান-আদম আরও বলেন, অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পরপরই হাসানের সাবেক স্ত্রীর সন্তানরা এসে তাকে জোর করে সঙ্গে যেতে বলেছিল। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তার ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দান-আদম জানিয়েছেন, বিষয়টি নিয়ে তার এখন আর কিছু বলার নেই। তিনি শুধু ঘটনার ন্যায্য বিচার চান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর