যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যের একটি চৌকস দল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।
বিজিবি জানায়, তল্লাশিকালে আটক ওসমান গনির শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওসমান গনি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার রোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর