দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে লাভজনক জেটি এনসিটি ইজারা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা না হওয়ায় সোমবার (১২ অক্টোবর) গণঅনশন করার ঘোষনা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনমত উপেক্ষা করে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি স্বাক্ষর, চুক্তির শর্তাবলী সম্পর্কে দেশের জনগণকে অন্ধকারে রাখার প্রতিবাদে এবং চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করার দাবিতে গণঅনশন কর্মসূচির ডাক দেয়া হয়েছে৷
বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে আগামীকাল (সোমবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গণ-অনশন কর্মসূচি পালিত হবে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে কনসেশন চুক্তির আওতায় ১৫ বছরের জন্য এনসিটি ইজারা দিতে চুক্তি করেছে। ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে চুক্তিটি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিম চুক্তিতে সই করেন।
চুক্তি সইয়ের দিনই চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ করেন শ্রমিকনেতারা। দাবি মানতে আজ রোববার বিকেল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা।
এর আগে বন্দর শ্রমিক, রাজনীতিবিদ ও পেশাজীবীরা প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশালমিছিল, গোলটেবিল বৈঠক, পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সরকার বা বন্দর কর্তৃপক্ষ এসব কর্মসূচিতে সায় না দিয়ে চুক্তি চূড়ান্ত করেছে বলে দাবি আন্দোলনকারীদের।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, আজ বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো ডাক আসেনি। আগামীকাল বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি চলবে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, সকাল থেকে অনশন কর্মসূচি পালিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সর্বশেষ খবর