• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:২৪ বিকাল

সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পরিবেশের জরিমানা মাত্র ৫ লাখ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজটি প্রায় সকল ধাপে নিয়ম ভঙ্গ করেছিল৷ পরিবেশ আইন - হাইকোর্টের নির্দেশনা এবং শ্রমিকদের জীবনের নিরাপত্তার বিষয়ে খামখেয়ালি মনোভাবের কারণে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়৷

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নোটিশ সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে এই ফেরদৌস স্টিলেই অন্তত পাঁচবার একই ধরনের প্রাণঘাতী বিপর্যয় ঘটেছে। তবুও টনক নড়েনি মালিক পক্ষের আর যেসব দপ্তরের দ্বায়িত্ব ছিল এসব তদারকির তারাও সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করেনি৷

ঘটনার পাঁচ দিন পর ঘুম থেকে জেগেছে পরিবেশ অধিদপ্তর। গত ১৯ আগস্ট সংস্থাটির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত শুনানিতে ফেরদৌস স্টিল ইয়ার্ড প্রতিনিধি নিজের অপরাধ স্বীকার করার পর পরিবেশগত ক্ষতির দোহাই দিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে মাত্র ৫ লাখ টাকা!

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের সই করা আদেশে ফেরদৌস স্টিলের পরিবেশগত ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা নির্ধারণ করে সাত কার্যদিবসের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার পুনরারম্ভ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, নির্দেশ না মানলে সংশ্লিষ্ট আদালতে মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বেলার দুটি নোটিশ

নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিবেশবাদী সংগঠন বেলা দুটি পৃথক আইনি ও আদালত অবমাননার নোটিশ দিয়েছে। সংগঠনটি ফেরদৌস স্টিলের স্বত্বাধিকারী ও প্রধান কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জব্দের জোর দাবি জানিয়েছে।

একই সঙ্গে শিল্প, পরিবেশ ও শ্রম মন্ত্রণালয়সহ ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিশ দিয়ে আগামী তিন দিনের মধ্যে কার্যকর পদক্ষেপের তথ্য জানাতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

বেলা তাদের নোটিশে উল্লেখ করেছে, পরিবেশ ও শ্রম সুরক্ষায় হাইকোর্ট একাধিক মামলায় ‘গ্যাস-ফ্রি’ সার্টিফিকেট নিশ্চিত করা, কালো তালিকাভুক্ত দেশ থেকে জাহাজ আমদানি নিয়ন্ত্রণ ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু ‘এমটি রাসি’ জাহাজে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতিতে শ্রমিকের মৃত্যু প্রমাণ করে এই নির্দেশনাসমূহ সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে।

দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটিগুলোর নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। বেলার মতে, জাহাজভাঙা শিল্প নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রতিনিধিদের দিয়েই তদন্ত করানো হচ্ছে, যা স্বার্থের সংঘাত তৈরি করে।

তাই সংশ্লিষ্ট সংস্থার বাইরে স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

নয়টি পরিবার ইতিমধ্যে তাদের উপার্জনক্ষম স্বজনকে হারিয়েছে। এই ট্র্যাজেডির প্রকৃত সত্য উন্মোচনে ‘এমটি রাসি’র আগমনী সনদ, গ্যাস-ফ্রি পরীক্ষা পদ্ধতি এবং পূর্বের সরকারি পরিদর্শন প্রতিবেদনের পুঙ্খানুপুঙ্খ পুনঃতদন্ত জরুরি।

রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হলো এই মৃত্যুকে কেবল ৫ লাখ টাকার জরিমানার আদেশে ধামাচাপা না দিয়ে, দায়ী ইয়ার্ড মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরপেক্ষ বিশেষজ্ঞ দল দিয়ে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]