• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৭:৪০ বিকাল

বাবাকে হারানোর পর প্রথম গোল, মেসির উদযাপনে আবেগ

ছবি: সংগৃহীত

বাবাকে হারানোর পর মাঠে ফিরে তিন ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেলেও তৃতীয় ম্যাচে অপেক্ষার অবসান ঘটিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে গোলের চেয়েও বেশি আবেগ ছড়িয়েছে তাঁর উদযাপন।

১৯ আগস্ট (বুধবার) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামি ২-২ গোলে ড্র করে। ম্যাচে মায়ামির দ্বিতীয় গোলটি করেন মেসি। গোলের পর দুই হাতের অনামিকা আঙুল আকাশের দিকে তুলে প্রয়াত বাবা হোর্হে মেসি ও দাদি সেলিয়া অলিভেরাকে স্মরণ করেন তিনি।

গত ৮ আগস্ট দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান মেসির বাবা হোর্হে। বাবার মৃত্যুর পর লিগস কাপ ও এমএলএসে দুটি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি মায়ামির অধিনায়ক। এবার ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচের ২৬ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান তিনি।

ডান দিক থেকে বল নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। সামনে একাধিক খেলোয়াড়ের ভিড় থাকলেও সেখান থেকেই নিখুঁত কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। এটি পেশাদার ক্যারিয়ারে মেসির ৯২১তম গোল।

মেসির ফুটবলজীবনে বাবা হোর্হের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার পাশাপাশি ক্যারিয়ারের শুরুর দিকে ছেলের অন্যতম প্রধান অভিভাবক, পরামর্শদাতা ও এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে ছোটবেলায় মেসিকে নিয়মিত মাঠে নিয়ে যেতেন তাঁর দাদি সেলিয়া। ফলে গোলের পর দুজনকেই স্মরণ করেছেন মেসি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামির প্রথম গোলেও সরাসরি ভূমিকা ছিল মেসির। ম্যাচের ২১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে সুযোগ তৈরি করেন তিনি। পরে ড্যানিয়েল পিন্টের গোলে এগিয়ে যায় মায়ামি। ফিলাডেলফিয়ার হয়ে ইন্ডিয়ান ভাসিলেভ ১১ মিনিটে এবং নিল পিয়ের ৫৮ মিনিটে গোল করেন। স্বাগতিকদের আরও একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়ে যায়। এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে। ১৪ গোল করে শীর্ষে রয়েছেন এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা।

হোর্হে মেসির মৃত্যুর পর আগের দুটি ম্যাচ অবশ্য সুখকর ছিল না মায়ামির জন্য। প্রথম ম্যাচে লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় তারা। এরপর এমএলএসে ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলে হারে মায়ামি। ওই ম্যাচে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি মেসি। বর্তমানে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে রয়েছে ন্যাশভিল। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মায়ামি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১২ মিনিট যোগ করা সময়ের একেবারে শেষ দিকে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি। এর আগে কাভানের ভাই কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে ওই ঘটনার জেরে ব্রাইট ও কাভান ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। কুইনকে দেখানো হয় হলুদ কার্ড।

লাল কার্ড পাওয়ায় আগামী ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না কাভান। মাত্র ১৬ বছর বয়সেই দলের একাদশে জায়গা করে নেওয়া এই তরুণ ২০২৬ সালে ১৮ ম্যাচের ১১টিতে শুরু থেকে খেলেছেন এবং করেছেন দুটি গোল।

১৮ বছর বয়স পূর্ণ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলারের।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]