সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘লুতুফ’ জিম্মি করেছে জলদস্যুরা। চলতি সপ্তাহের শুরুতে ছিনতাই হওয়া জাহাজটিতে থাকা ১০ নাবিকের মধ্যে অন্তত ছয়জন ভারতীয় নাগরিক।
সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের উদ্দেশে পাঠানো অস্ত্র, যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল। সংবেদনশীল তথ্যের কারণে নিজের পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি এসব তথ্য জানান।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দখল করা হয়।
জাহাজের ১০ নাবিকের মধ্যে ছয়জন ভারতীয় ছাড়াও একজন তুর্কি ও একজন জর্জিয়ান নাগরিক ছিলেন। এছাড়া দুইজন সার্বিয়ান নিরাপত্তারক্ষীও জাহাজটিতে ছিলেন।
সোমালিয়ার ওই কর্মকর্তার দাবি, আটজন সশস্ত্র জলদস্যু জাহাজটি দখলের পর পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, একই জলদস্যুরা এর আগে গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজও ছিনতাই করেছিল।
কর্মকর্তা জানান, ‘লুতুফ’ জাহাজে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র ও বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল। জাহাজটির মালিকানা ‘পোলার মুভমেন্ট শিপিং’ নামের একটি প্রতিষ্ঠানের।
এ ঘটনায় এখন পর্যন্ত ভারত ও তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
সূত্র: এনডিটিভি
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর