• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০৪ দুপুর

দীর্ঘ অবসরের পর আবারও মাঠে ফিরছেন রোনালদিনহো

ছবি: সংগৃহীত

অবসরের আট বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। তবে কবে তাকে মাঠে দেখা যাবে, কিংবা আদৌ কোনো ম্যাচ খেলবেন কি না—এখনো নিশ্চিত নয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে আনুষ্ঠানিকভাবে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। টানা বৃষ্টিও থামাতে পারেনি ভক্তদের উচ্ছ্বাস। প্রায় ছয় হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘রোনালদিনহো ডে’। সেখানে রাভেন্নার ১০ নম্বর জার্সি হাতে নিয়ে ছবি তোলেন ব্রাজিলের সাবেক এই তারকা।

রোনালদিনহোর পেশাদার ফুটবলে সর্বশেষ ম্যাচ হয়েছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর প্রদর্শনী ম্যাচ ও ফুটসালে অংশ নিলেও পেশাদার ফুটবল থেকে দূরেই ছিলেন তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি।

এবার সেই রোনালদিনহোই আবার বল পায়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করেছেন। রাভেন্নায় যোগ দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমাদের এমন একটি দল আছে, যারা ভালো কিছু করতে পারে।’

তবে মাঠে নামার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেননি রোনালদিনহো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খেলব কি না, জানি না। সেটা শুধু কোচই জানেন। ইতালিতে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি এখানে এসেছি সতীর্থদের জিততে সাহায্য করতে।’

এরই মধ্যে নিজের ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলকও নজরে রেখেছেন রোনালদিনহো। তিনি বলেন, ‘দেখতেই পাচ্ছেন, আমি ভালো ফিট আছি। ভালো অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি, তাহলে আরও ভালো হবে।’

ব্রাজিলের হয়ে ৩৩ গোল করেছেন রোনালদিনহো। ক্লাব ফুটবলেও তার পরিসংখ্যান সমৃদ্ধ। বার্সেলোনার হয়ে করেছেন ৯৪ গোল, এসি মিলানের জার্সিতে ২৪টি। এ ছাড়া পিএসজি, গ্রেমিও ও অ্যাটলেটিকো মিনেইরোর মতো ক্লাবেও খেলেছেন তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও ‘গ্লোবো’র হিসাব অনুযায়ী, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৮৭ ম্যাচে রোনালদিনহোর গোল ২৯৯টি। অর্থাৎ বহুল কাঙ্ক্ষিত ৩০০তম গোল থেকে মাত্র এক ধাপ দূরে তিনি।

রাভেন্নায় রোনালদিনহোকে ফেরানোর পরিকল্পনার কথা প্রথম প্রকাশ্যে আসে গত জুনে, ২০২৬ বিশ্বকাপ চলাকালে মিয়ামিতে। ক্লাবটির ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি তখন রোনালদিনহোকে দলে নেওয়ার আগ্রহের কথা জানান। ২০২৪ সাল থেকে রাভেন্নার মালিকানায় থাকা সিপ্রিয়ানি আরও জানিয়েছেন, রোনালদিনহো ক্লাবটির কিছু শেয়ারও কিনতে পারেন।

রোনালদিনহোর প্রত্যাবর্তনকে অবশ্য শুধু মাঠের বিষয় হিসেবে দেখছেন না সিপ্রিয়ানি। তার লক্ষ্য, কিংবদন্তি এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ গোলটি রাভেন্নার জার্সিতে করানো। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিষয়টি কেবল প্রচারণার কৌশল নয়। তার ভাষায়, ‘মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কোনো মার্কেটিং স্টান্ট নয়।’

গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছিল রাভেন্না। ২০০৮ সালের পর আবারও সিরি ‘বি’-তে ফেরাই এখন ক্লাবটির বড় লক্ষ্য। নতুন মৌসুমে তাদের প্রথম ম্যাচ সোমবার রেজিয়ানার বিপক্ষে। তবে ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-এর খবর অনুযায়ী, ওই ম্যাচে রোনালদিনহোকে মাঠে নামার সম্ভাবনা নেই।

তবু তার প্রত্যাবর্তনের খবরে ফুটবলবিশ্বে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। একসময় ড্রিবলিং, নিখুঁত পাস আর নান্দনিক ফুটবলে বিশ্বজুড়ে কোটি দর্শককে মুগ্ধ করা রোনালদিনহো কি সত্যিই আবার প্রতিযোগিতামূলক ম্যাচে বল পায়ে নামবেন? আর নামলে কি রাভেন্নার জার্সিতে নিজের ক্যারিয়ারের ৩০০তম গোলটি করতে পারবেন?

এই প্রশ্নের উত্তর পেতে এখন অপেক্ষা শুধু সময়ের।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]