ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহতে একটি ব্যস্ত শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩০ জনের বেশি মানুষ। শনিবার (২২ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্রিভি রিহ ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, শুক্রবারের হামলায় শহরের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্সটি লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর সেখানে আগুন ধরে যায়।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। সব মিলিয়ে ২৯ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজ শহরে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘নির্মম ও জঘন্য’ বলে অভিহিত করেছেন।
জেলেনস্কির দাবি, প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় একটি রুশ ড্রোন শপিং সেন্টারটিতে আঘাত হানে। তার অভিযোগ, জরুরি উদ্ধারকর্মীদের লক্ষ্য করেই দ্বিতীয় হামলাটি চালানো হয়ে থাকতে পারে।
তিনি হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর চাপ প্রয়োগ এবং জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হামলার পর শপিং সেন্টারের বাইরে ধোঁয়া উঠতে দেখা যায়। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যায় উদ্ধারকর্মীদেরও।
এদিকে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে পৃথক আরেকটি রুশ হামলায় চারজন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কির দাবি, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
সূত্র: আল জাজিরা
রোহান/সা.এ.
সর্বশেষ খবর