টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জুলেখা বেগম ওই এলাকার মোজাফফর আলীর স্ত্রী। নিহতের ছেলে জাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে তার মা নিখোঁজ ছিলেন। তিনি প্রায় পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও কয়েকবার তিনি নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার বিকেলে জঙ্গলের মধ্যে অর্ধগলিত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর